Thursday, July 23, 2026
PrimeBulletin

Arts

অপরাধ বন্ধ করতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়

অপরাধ বন্ধ করতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়

ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী বন্ধের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে ব্যর্থ, সেই রাষ্ট্র কীভাবে একটি সিনেমা প্রদর্শন বন্ধে ভূমিকা রাখে এটাই এখন বড় প্রশ্ন।

সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, পরিবারের সবাই মিলে দেখার উপযোগী একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ কেন বন্ধ করে দেওয়া হলো এ প্রশ্ন এখন জনগণের।

তিনি আরো বলেন, ‘আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে দুর্নীতি, টাকাপাচার আর ব্যাংকলুট বন্ধ করতে পারে না- সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?’

রুমিন ফারহানার কথায়, ‘আমরা গত দুই বছরের অভিজ্ঞতায় দেখেছি, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে; আমরা দেখেছি দক্ষিপন্থা বা ডানপন্থা উগ্রবাদের উত্থান।

কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশে সকাল বেলা যেমন কোরআন তিলাওয়াত শুনেছি, তেমনি বিকেল বেলা হারমোনিয়াম নিয়ে ছোট-ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে- সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়?’

এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে ও নিরাপদে চলতে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্দেশ্যে অনুরোধ করে তিনি বলেন, ‘সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া- এই পরিচয়টা কখনো কোনো গোষ্ঠিকে মুছে ফেলতে দেবেন না।’

রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারেনি; যেই রাষ্ট্র ছোট-ছোট শিশুদের বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেনি, সেই রাষ্ট্র কী করে আজকে বাংলাদেশে যেখানে ধর্মের পাশাপাশি সবরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে; পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদদ দিচ্ছে?’

প্রসঙ্গত, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধার মুখে স্থগিত করে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। একই দিন রাতে কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় পর্যায়ের আরেকটি প্রদর্শনী পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘিরে ইতোমধ্যে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

More