ইরানকে রুখতে এবার বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের ওয়াশিংটনের নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক
|
2026-03-17 19:47
Acting Editor: Sami Hossain Chisty
Address: Europa Tower, Rampura, Dhaka.
ইরানের বিরুদ্ধে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশকে চাপ দিতে এবার মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান থেকে ‘উচ্চমাত্রার হামলার ঝুঁকি’ উল্লেখ করে পাঠানো এক গোপন বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি-এর কার্যক্রম নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে সোমবার (১৬ মার্চ) সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এই বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোকে ‘দ্রুত কার্যকর পদক্ষেপ’ নিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, ২০ মার্চের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দিতে হবে। খবর এবিসি নিউজের।
বার্তায় আরও উল্লেখ করা হয়, একক উদ্যোগের চেয়ে যৌথ আন্তর্জাতিক পদক্ষেপ ইরানের ওপর বেশি চাপ সৃষ্টি করতে সফল হবে। তাই বর্তমান বৈশ্বিক মনোযোগের সুযোগ কাজে লাগিয়ে ইরানের ‘আগ্রাসী কার্যক্রম’ থামাতে সম্মিলিত উদ্যোগ জরুরি।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একটি জোট গঠনের পরিকল্পনাও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ইরান-সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাস মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে।
এছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’-এর লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস, নৌ সক্ষমতা দুর্বল করা এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক ভেঙে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।