Thursday, July 23, 2026
PrimeBulletin

Sports

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা দলটি আজ (রোববার) ৩০ নম্বর দল ইকুয়েডরকে রুখে দিয়েছে। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচের নায়ক অবশ্য কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে তিনি সর্বোচ্চ ১৫ শট ঠেকিয়ে রেকর্ড গড়েছেন।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই পরাশক্তিকেই হারিয়ে এসেছিল। এমনকি বাছাই শেষে তারা (দ্বিতীয়) ছিল সেলেসাওদের উপরে, তাদের সামনে ছিল কেবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। সেই ইকুয়েডর এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে। এবার কুরাসাও তাদের গোলশূন্য ড্রয়ে আটকে দিলো।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এক পয়েন্ট নিয়েই কুরাসাও ইতিহাস গড়েছে। ইকুয়েডরের বিপক্ষে ড্র করে একটি পয়েন্ট পেয়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি। স্বভাবতই তাদের কাছে এই অর্জন অনেক বড়। ফলে খেলা শেষে কুরাসাওয়ের জয় উদযাপন এবং ইকুয়েডর ড্র করেও হারের হতাশায় পুড়েছে। লাতিন দেশটি কুরাসাওয়েল ইস্পাতসম দেয়াল ভেদ করার কার্যকর উপায় খুঁজে পায়নি। আর শেষসীমায় দাঁড়িয়ে ছিলেন গোলরক্ষক এলয় রুম।

কুরাসাও গোলরক্ষক অতিরিক্ত সময়ে গড়ায়নি এমন বিশ্বকাপ ম্যাচে (১৯৬৬ সালের পর থেকে, ওই আসর থেকে রেকর্ড সংরক্ষিত) সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড গড়লেন। আর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ এবং বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোল বাঁচানোর রেকর্ড থেকে তিনি মাত্র একটি শট দূরে। যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ড ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে রেকর্ড ১৬টি সেভ করেছিলেন। 

৩৭ বছর বয়সী এই গোলরক্ষকের নায়ক হওয়ার ম্যাচটি অবশ্য কোনো দলেরই বিশ্বকাপ থেকে বিদায় ঘটায়নি। ড্র করায় উভয় দলের সামনেই এখনও নকআউট পর্বে খেলার আশা বেঁচে আছে। যদিও বিশ্বকাপের নবাগত দল কুরাসাও গোল ব্যবধানে পিছিয়ে থাকবে জার্মানির কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ায়।

৭৮ বছর ডিক অ্যাডভোকাটের দল কুরাসাও প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও বক্সে গিয়ে নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে। ভুল পাস কিংবা গোলবারের অনেক বাইরে দিয়ে শট নিয়েছেন ফুটবলাররা। বিপরীতে প্রথম মিনিটেই বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর, কিন্তু অধিনায়ক ইনার ভ্যালেন্সিয়া গোলরক্ষক রুমকে একা পেয়েও সেটি জালে জড়াতে পারেননি। আর বাকি সময়ে ভ্যালেন্সিয়া-ময়েসেস কাইকেদোদের রীতিমতো হতাশার চরম পর্যায় দেখিয়েছেন কুরাসাও গোলরক্ষক।

More

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47