Wednesday, September 23, 2026
PrimeBulletin

Bangladesh

বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা

বিদেশ ভ্রমণ নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা

সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা আকাশপথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াত করবেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র. হ. ম. আলাওল কবিরের স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারের আর্থিক ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনার আওতায় অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকবেন।

নতুন নিয়ম অনুযায়ী তারা এখন থেকে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অর্থ বিভাগের ২০১২ সালের ৯ অক্টোবরের ভ্রমণ ভাতা নীতিমালার ২১ (খ) অনুচ্ছেদে যা-ই থাকুক না কেন, এই নতুন নির্দেশনা কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে এটি মেনে চলতে বলা হয়েছে।

More