Thursday, September 24, 2026
PrimeBulletin

Bangladesh

৪৮ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

৪৮ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

দেশের আটটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জারি করা এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বা তার বেশি গতির ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

ঝড়ের সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে’র পর থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

More